বিশ্বজিৎ দেবনাথ, নিজস্ব সংবাদদাতা: নদিয়ার থানারপাড়া থানার টোপলা পুরনো পাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে গেল পর পর ছ’টি বাড়ি। রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রথমে বাড়ির ছাদের উপরে গাদা করে রাখা পাটকাঠিতে আগুন লাগে। এরপর দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়ে পাশাপাশি থাকা ছ’টি বাড়িতে।

পরিস্থিতি বুঝতে পেরে তড়িঘড়ি ছুটে আসেন প্রতিবেশীরা। একজোট হয়ে তাঁরা আগুন নেভানোর কাজে হাত লাগান। তবে আগুন নিয়ন্ত্রণে আসার আগেই পুড়ে ছাই হয়ে যায় গবাদিপশু রাখার ঘর থেকে শুরু করে সারা বছরের জন্য জমানো পাটকাঠির গাদা।

অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও, ঘটনায় কোনও মানুষ বা গবাদিপশুর কোনও ক্ষয়ক্ষতি হয়নি । স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসার পর ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ইঞ্জিন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন তেহট্ট বিধানসভার বিধায়ক এবং থানারপাড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।