মাম্পি রায়, সাংবাদিক : প্রথমে বাড়ি থেকে কাজ করার নির্দেশ। তারপর ভোররাতে আচমকা ই-মেল। খুলতেই জানা গেল, চাকরি আর নেই! ফের ব্যাপক কর্মী ছাঁটাই করল মেটা (Meta)। মার্ক জ়ুকারবার্গের সংস্থা বিশ্বের বিভিন্ন দেশ মিলিয়ে প্রায় ৮ হাজার কর্মীকে ছাঁটাই করেছে বলে খবর। যা মোট কর্মী সংখ্যার প্রায় ১০ শতাংশ।

বুধবার থেকেই শুরু হয়েছে এই ছাঁটাই প্রক্রিয়া। আন্তর্জাতিক সংবাদমাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী, সিঙ্গাপুরে কর্মরত মেটার কর্মীরা স্থানীয় সময় ভোর ৪টেয় সংস্থার তরফে ই-মেল পান। ভারতীয় সময় তখন রাত দেড়টা। পরে বিভিন্ন টাইম জ়োন অনুযায়ী ধাপে ধাপে অন্য দেশগুলির কর্মীদের কাছেও ছাঁটাইয়ের নোটিস পৌঁছয়।
সংস্থার তরফে আগেই ইঙ্গিত দেওয়া হয়েছিল, কর্মদক্ষতা বৃদ্ধি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই খাতে বিপুল বিনিয়োগের চাপ সামলাতেই কর্মী সংখ্যা কমানোর পথে হাঁটছে তারা। সম্প্রতি প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে মেটা জানিয়েছিল, ২০ মে থেকে ছাঁটাই কার্যকর হবে। সেই মতোই বুধবার থেকে কর্মীদের চাকরি যাওয়ার খবর পৌঁছতে শুরু করে।
জানা গিয়েছে, নতুন করে ছাঁটাইয়ের আগে মেটার মোট কর্মী সংখ্যা ছিল প্রায় ৭৮ হাজার। তার মধ্যেই ৮ হাজার কর্মীকে বাদ দেওয়া হল। পাশাপাশি, সংস্থার ৬ হাজার শূন্য পদে নিয়োগের পরিকল্পনাও আপাতত স্থগিত রাখা হয়েছে। তবে একাংশ কর্মীকে অন্য বিভাগে স্থানান্তর করা হচ্ছে। মেটার ‘চিফ পিপল অফিসার’ জ্যানেল গেল এক নির্দেশিকায় জানিয়েছেন, প্রায় ৭ হাজার কর্মীকে নতুন এআই-ভিত্তিক টিমে স্থানান্তর করা হবে। তাঁর বক্তব্য, “ছোট এবং দ্রুতগতির দল গঠন করেই ভবিষ্যতের কাজ এগিয়ে নিয়ে যেতে চায় সংস্থা।”
বিশেষজ্ঞদের মতে, সবচেয়ে বেশি ধাক্কা খেয়েছে ইঞ্জিনিয়ারিং ও প্রোডাক্ট টিম। চলতি বছরের শেষের দিকে আরও কর্মী ছাঁটাই হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। সূত্রের খবর, বর্তমানে এআই-কে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছেন মার্ক জুকারবার্গ (Mark Zuckerberg)। সেই কারণেই চলতি বছরে এআই খাতে ১২ থেকে ১৪ হাজার কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা করেছে মেটা।
এই ঘটনার জেরে সংস্থার কর্মীদের মনোবলেও বড়সড় প্রভাব পড়েছে। অভিযোগ, আনুষ্ঠানিক ঘোষণা হওয়ার আগেই অনেক কর্মী বুঝে গিয়েছিলেন কী হতে চলেছে। কেউ অতিরিক্ত ল্যাপটপ চার্জার সংগ্রহ করেছেন, কেউ আবার অফিসের বিনামূল্যের খাবার নিয়ে গিয়েছেন। অনেকেরই ধারণা ছিল, বাড়ি থেকে কাজের নির্দেশই আসন্ন ছাঁটাইয়ের ইঙ্গিত।
তবে শুধু মেটাই নয়, গোটা প্রযুক্তি শিল্পেই এখন ছাঁটাইয়ের ঢেউ। সম্প্রতি Cisco Systems প্রায় ৪ হাজার কর্মী ছাঁটাই করেছে। একই পথে হাঁটছে Microsoft, Amazon এবং Oracle-এর মতো সংস্থাও।