বিশ্বজিৎ নস্কর, নিজস্ব সংবাদদাতা : বারুইপুরের ২ এবং ১৩ নম্বর ওয়ার্ডে একেবারে উৎসবের মেজাজে চলল প্রচার। শুক্রবার বিদায়ী বিধায়ক তথা তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিমান বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বের হয় এক বর্ণাঢ্য শোভাযাত্রা। রঙিন সাজে সাঁওতালি নৃত্য, বাংলার মাটির গান আর টোটোতে বসে চলে প্রচার। সব মিলিয়ে এক বর্ণাঢ্য মিছিলের আয়োজন করা হয়েছিল।

শোভাযাত্রার শুরু হয় রণ পা থেকে। বাংলার কৃষ্টি আর সংস্কৃতি তুলে ধরে ওয়ার্ডগুলিতে জনসংযোগ করেন বারুইপুরের তৃণমূল প্রার্থী বিমান বন্দ্যোপাধ্যায়। তার সঙ্গে ছিলেন কর্মাধ্যক্ষ জয়ন্ত ভদ্র এবং বারুইপুর তৃণমূল কংগ্রেসের সভাপতি গৌতম দাস।

শোভাযাত্রায় কয়েক হাজার কর্মী-সমর্থকের অংশগ্রহণ করে। সকলেরই উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। মানুষ রাস্তার ধারে দাঁড়িয়ে হাত নেড়ে স্বাগত জানায়। বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, “এটা শুধু প্রচার নয়, এটা মানুষের সঙ্গে আমাদের আত্মার সম্পর্ক।”