ঋক পুরকায়স্থ, সাংবাদিক: রাজ্যে শুরু হয়ে গিয়েছে এসআইআর। এই আবহে সাংসদ বিধায়কদের আরও কড়া বার্তা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রত্যেকটি বিধানসভা ধরে ১৫ জনের একটি টিম তৈরি করতে বলেন তিনি। হার্ড কপির পাশাপাশি ডিজিটাল লিস্টও মিলিয়ে দেখার নির্দেশ দেন তিনি। এসআইআর প্রক্রিয়ায় কোন ত্রুটি দেখলে আইনি পদক্ষেপ নেওয়ার কথাও বলেছেন তিনি।

শুক্রবারের ভার্চুয়াল বৈঠক থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “তিনদিন আগে বিজেপির নির্দেশে নির্বাচন কমিশন এসআইআর শুরু করেছে পশ্চিমবঙ্গে। এটি হল চুপিচুপি ভোট বাক্সে কারচুপি। তৃণমূল কংগ্রেস এই প্রক্রিয়াকে নিয়ে আইনত ব্যবস্থা নেবে। প্রত্যেকদিন একেরপর এক দুঃখজনক ঘটনা ঘটছে রাজ্যজুড়ে। পানিহাটিতে আত্মহত্যা, দিনহাটায় বিষপান। টিটাগড়ে আরও একজন মহিলা এসআইআরের আতঙ্কে আত্মহত্যা করেছেন। যোগ্য মানুষদের যদি নাম বাদ চলে যায় আমরা দিল্লিতে আন্দোলনে নামবো।”

বিএলএদের উদ্দেশ্যেও এদিন বার্তা দেন তিনি। তিনি বলেন, “বিএলওদের উপর চাপ বাড়িয়ে প্রকৃত ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে। বিএলএ-১ কে দায়িত্ব দেওয়া হচ্ছে জেলায় জেলায়। তারাই বিএলএ-২ ঠিক করবে। এরাই বিএলওদের সঙ্গে বাড়ি বাড়ি গিয়ে কাজ করবে। কমিশন আদৌ ঠিক কাজ করছে কিনা আমাদের তা দেখতে হবে। ৩ তারিখের মধ্যেই বিএলএ-২ নিয়োগ শেষ হবে। বিএলওদের ছায়াসঙ্গী হবেন বিএলও-২ রা। মমতা বন্দ্যোপাধ্যায় আগেই বলেছিলেন যে- ‘বুথ কর্মীরাই আমাদের দলের স্তম্ভ’। এবার তাদেরকে সেটা প্রমাণ করে দেখাতে হবে। আগামী ছয় মাস আমাদের কাছে অ্যাসিড টেস্ট।”

অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও বলেছেন, “মানুষকে দ্রুততার সাথে সাহায্য করতে হবে। রাজ্যজুড়ে ক্যাম্পের আয়োজন করা হবে। এই একমাসব্যাপী মোট ৬,২০০টি ক্যাম্পের ব্যবস্থা করা হবে। সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত এই ক্যাম্পগুলি চলবে। ৩১ জানুয়ারি পর্যন্ত ধাপে ধাপে এই ক্যাম্পগুলির আয়োজন করা হবে। বিধায়ক ও সাংসদরা একটি করে ওয়াররুমের আয়োজন করবেন। এই ওয়ার রুমে ১৫ জন করে থাকবেন। ১০ জন সমস্ত বিএলএদের সঙ্গে যোগাযোগ করবেন ও বাকি ৫ জন ডেটা এন্ট্রির কাজ করবেন। যখনই অসুবিধা হবে বিধায়ক ও সাংসদরা হস্তক্ষেপ করবে।”
মোট ২৯৪টি ওয়াররুম হবে গোটা বাংলাজুড়ে। বিএলওদের উপর কড়া নজরদারি রাখার জন্য এই উদ্যোগ নিয়েছে তৃণমূল। তবে বারবার যে কথা স্পষ্ট করে দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তা হল, ”একজনেরও নাম বাদ গেলে, দিল্লিতে আন্দোলন করা হবে।”