কোজাগরী লক্ষ্মীপুজো মানেই বাঙালির ঘরে ঘরে সাবেকি সাজের ছোঁয়া। শাড়ি, শাঁখা-পলা, সিঁথিভরা সিঁদুর আর ঐতিহ্যবাহী গয়নায় সেজে ওঠেন বহু বাঙালি বধূ। তবে এই বিশেষ দিনের সাজ কি শুধুই বিবাহিত মহিলাদের জন্য? অবিবাহিত নারীরা কেন বাদ পড়বেন বাঙালিয়ানার এই উদযাপন থেকে? লক্ষ্মীপুজোর সাজকে ঘিরে এমনই এক অন্যরকম প্রশ্ন তুললেন অভিনেত্রী পল্লবী চট্টোপাধ্যায়। অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বোন পল্লবীর এই ভাবনা উৎসবের সাজে চিরাচরিত ধারণা নিয়েই নতুন করে ভাবতে শেখায়।

কোজাগরী লক্ষ্মীপুজোয় সাবেকি বাঙালি বধূর সাজে নজর কাড়লেন অভিনেত্রী পল্লবী চট্টোপাধ্যায়। হাতে শাঁখা-পলা, সিঁথিতে সিঁদুর তাঁর সাজ ঘিরেই উঠে এল এক অন্যরকম বার্তা। সাধারণত স্বামীর উপস্থিতির সঙ্গেই এই সাজকে জুড়ে দেখেন অনেকে। সেই চেনা ধারণাকেই যেন নিজের মতো করে প্রশ্ন করলেন পল্লবী।
কেন এমন সাজ বেছে নিলেন, তার ব্যাখ্যাও দিয়েছেন অভিনেত্রী। তাঁর কথায়, অভিনয়ের প্রয়োজনে বিভিন্ন চরিত্রে তাঁকে বহুবার বিয়ের সাজে সাজতে হয়েছে। সেই সময় শাঁখা-পলা পরা থেকে সিঁদুর পরা, এমনকি ফুলসজ্জার দৃশ্যেও অংশ নিতে হয়েছে তাঁকে। তাহলে নিজের পছন্দের একটি বিশেষ দিনে, যে সাজ তাঁর ভালো লাগে, তা পরতে বাধা কোথায়? পল্লবীর এই ভাবনায় উঠে এসেছে নিজের ইচ্ছেমতো সাজগোজ করার স্বাধীনতার কথাই।
নিজের পছন্দের সাজে নিজেকে সাজিয়ে তুলতেই ভালোবাসেন পল্লবী চট্টোপাধ্যায়। অবিবাহিত হয়েও বাঙালি বধূর মতো সাজতে তাঁর কোনও দ্বিধা নেই। বরং এই সাজেই নিজেকে সুন্দর ও পরিপূর্ণ মনে হয় অভিনেত্রীর। স্বামী থাকলেই সিঁথিতে সিঁদুর পরা যায়, সমাজের প্রচলিত এই ধারণার সঙ্গে একমত নন তিনি। পল্লবীর বিশ্বাস, ভালোবাসার শুরুটা হওয়া উচিত নিজেকে দিয়েই। নিজেকে ভালোবাসতে শিখলে তবেই অন্যদের ভালোবাসা সম্ভব।
সিঁদুর পরার প্রসঙ্গে অভিনেত্রীর কথায় উঠে এসেছে বলিউডের কিংবদন্তি অভিনেত্রী রেখার নামও। রেখার অভিনয়ের ভক্ত পল্লবী। তাঁর জানা, রেখাও সিঁদুর পরেন। তবে তিনি কার নামে সিঁদুর পরেন, তা জানেন না পল্লবী। নিজের ক্ষেত্রে অবশ্য বিষয়টি একেবারেই স্পষ্ট—কোনও সামাজিক নিয়ম মেনে নয়, নিছক নিজের ভালো লাগা থেকেই সিঁথিতে সিঁদুর পরেন তিনি। স্বামী না থাকলেও বধূর সাজে সাজতে আপত্তি কোথায়? পল্লবীর কথায়, “বর না হয় নাই থাকল, আমি তো বধূ হয়ে থাকলাম।” নিজের পছন্দকে গুরুত্ব দেওয়ার এই বার্তাতেই যেন প্রচলিত ধারণার বাইরে গিয়ে নিজের মতো করে বাঁচার কথা বললেন অভিনেত্রী।