বিশ্বজিৎ নস্কর, নিজস্ব সংবাদদাতা : নাজিরাবাদ অগ্নিকাণ্ড মামলায় গ্রেফতার করা হল ডেকরেশন ব্যবসায়ী গঙ্গাধর দাস। বয়স ৫৯ বছর। তাঁর বাড়ি পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি থানার অন্তর্গত পূর্বচড়া গ্রামে। প্রায় চার দশকেরও বেশি সময় ধরে ডেকোরেশনের ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন তিনি। বিদেশ থেকে প্লাস্টিক ফুল আমদানি করে সেই ফুল দিয়ে অনুষ্ঠান বাড়ি, সভা, সমিতির মঞ্চ সহ বিভিন্ন জায়গা সাজানোর কাজ করতেন গঙ্গাধর দাস।

প্রথমদিকে জেলার মধ্যেই ছোটখাটো ডেকোরেশনের বরাত পেতেন তিনি। ধীরে ধীরে ব্যবসা সম্প্রসারিত হয়। প্রায় ১৩ বছর আগে পূর্ব মেদিনীপুরের পাশাপাশি কলকাতার অদূরে খেয়াদহ ২ গ্রাম পঞ্চায়েতের নাজিরাবাদ এলাকায় কারখানা ও গোডাউন চালু করেন গঙ্গাধর দাস। সেই গোডাউনেই রবিবার গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটল। অগ্নিকাণ্ডের খবর প্রকাশ্যে আসার পর থেকেই উধাও হয়ে যান গঙ্গাধর দাস। তাঁর মোবাইল ফোনও দীর্ঘক্ষণ বন্ধ ছিল। এরপর থেকেই তাঁর খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ। মঙ্গলবার নরেন্দ্রপুর থানায় তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। গোডাউন মালিক গঙ্গাধর দাস বুধবার বারুইপুর আদালতে তোলা হয়। ৪ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত অভিযুক্তকে পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেয় আদালত।
অবশেষে মঙ্গলবার গভীর রাতে গড়িয়া এলাকা থেকে গঙ্গাধর দাসকে গ্রেফতার করে পুলিশ। তাঁর গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন বারুইপুর জেলা পুলিশ সুপার শুভেন্দ্র কুমার। তিনি জানান, গোডাউনের মালিক গঙ্গাধর দাসকে গ্রেফতার করা হয়েছে এবং পুরো ঘটনার তদন্ত চলছে।