বিশ্বজিৎ নস্কর, নিজস্ব সংবাদদাতা : ভোটের আবহে উত্তপ্ত হয়ে উঠল বারুইপুরের শাহজাহান রোড এলাকা। অভিযোগ, শুক্রবার বিকেলে বারুইপুর পশ্চিম বিধানসভার বিজেপি প্রার্থী বিশ্বজিৎ পালের সমর্থনে লাগানো ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার সন্ধ্যায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। বিজেপি কর্মীদের দাবি, নির্বাচনী প্রচারের জন্য শাহজাহান রোড সংলগ্ন এলাকায় বেশ কিছু দলীয় ব্যানার লাগানো হয়েছিল। সেই ব্যানার ছিঁড়ে ফেলা হয়েছে।

এই খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় বিজেপি কর্মীরা ক্ষোভে ফেটে পড়েন এবং এলাকায় জমায়েত শুরু করেন। ঘটনার খবর পেয়েই সেখানে পৌঁছন বারুইপুর পশ্চিমের বিজেপি প্রার্থী বিশ্বজিৎ পাল। ঘটনাস্থলে দাঁড়িয়ে বিশ্বজিৎ পাল এই ঘটনার তীব্র নিন্দা জানান। তিনি বলেন “তৃণমূল কংগ্রেস হার নিশ্চিত জেনেই এখন কাপুরুষের মতো আমাদের ব্যানার-ফেস্টুন ছিঁড়ছে। এভাবে ব্যানার ছিঁড়ে মানুষের মন থেকে বিজেপিকে মোছা যাবে না। আমরা গণতান্ত্রিকভাবে এই অপশক্তির মোকাবিলা করব।”
বিজেপির পক্ষ থেকে এই বিষয়ে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। , যদিও ব্যানার ছেঁড়ার এই অভিযোগের বিষয়ে, বারুইপুর পৌরসভার ৩ নাম্বার ওয়ার্ডের কাউন্সিলর স্বপন মণ্ডল জানান তৃণমূল কংগ্রেসের এখনও অত দৈনদশা পড়েনি যাতে বিজেপির ব্যানার ছিঁড়তে হবে, তিনি আরও বলেন যে তিন নম্বর ওয়ার্ডের বিভিন্ন জায়গায় বিজেপির ব্যানার ও ফেস্টুন লাগানো আছে সেখানে তো কোনও বিজেপির পতাকা খুলে ফেলা হয়নি, রাস্তার পাশে লাগানো ব্যানার কিভাবে ছিঁড়ে গেছে সেটা আমরা কী করে জানবো।