টি-টোয়েন্টিতে দুরন্ত ছন্দে রয়েছেন অভিষেক শর্মা। অন্য দিকে, মাত্র ১৪ বছর বয়সেই ক্রিকেটবিশ্বের নজর কেড়েছেন বৈভব সূর্যবংশী। কিন্তু দু’জনের প্রতিভাকে ঠিক ভাবে কাজে লাগানো হচ্ছে না। এমনই মনে করছেন ভারতের বিশ্বকাপজয়ী ক্রিকেটার যুবরাজ সিংহ। তাঁর মতে, শুধু টি-টোয়েন্টি নয়, এক দিনের ক্রিকেটেও দেশের সম্পদ হয়ে উঠতে পারেন অভিষেক ও বৈভব। তাঁদের ওয়ানডে দলে সুযোগ না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার।

যুবরাজের বক্তব্য, অভিষেকের পাশাপাশি ঈশান কিষাণ এবং বৈভবকেও ৫০ ওভারের ক্রিকেটে সুযোগ দেওয়া উচিত। তিনি বলেন, ‘‘আমি অভিষেককে ওয়ানডে দলে দেখতে চাই। সত্যি বলতে, অভিষেক, ঈশান কিষাণ এবং বৈভব সূর্যবংশীরা ৫০ ওভারের ক্রিকেট খেলার যোগ্য। কিন্তু আমরা তাঁদের দলে নিচ্ছি না। এতে তাঁদের প্রতিভার প্রতি সুবিচার করা হচ্ছে না।’’
দীর্ঘ দিন ধরেই অভিষেকের মেন্টর হিসেবে কাজ করছেন যুবরাজ। ফলে তরুণ ওপেনারের দক্ষতা সম্পর্কে তাঁর ধারণা রয়েছে। যুবির কথায়, ওয়ানডে দলে ইতিমধ্যেই অনেক ভালো ক্রিকেটার রয়েছেন। তাই নতুনদের জায়গা করে দেওয়া কঠিন। কিন্তু নতুন ব্যাটাররা যেভাবে নিজেদের মেলে ধরছেন, তাতে দ্রুত তাঁদের জাতীয় দলে সুযোগ দেওয়া উচিত। কঠোর পরিশ্রম করে অভিষেক যে জায়গায় পৌঁছেছেন, তাতে ওয়ানডে দলে সুযোগ পাওয়া তাঁর প্রাপ্য বলেও মনে করেন যুবরাজ।
তবে বাস্তব ছবিটা আপাতত আলাদা। ২০২৭ সালের এক দিনের বিশ্বকাপের কথা মাথায় রেখে দল সাজানোর কাজ শুরু করেছেন কোচ গৌতম গম্ভীর। সেখানে অভিষেক বা বৈভবের জায়গা এখনও অনিশ্চিত। অভিষেককে মূলত টি-টোয়েন্টি ক্রিকেটার হিসেবেই দেখা হচ্ছে। বৈভবের আবার সেই ফরম্যাটেও জায়গা পাকা হয়নি। তুলনায় কিছুটা এগিয়ে ঈশান। তিন বছর পর ওয়ানডে দলে ফিরে রান করেছেন তিনি। বিশ্বকাপের সম্ভাব্য দলেও তাঁকে নিয়ে ভাবনাচিন্তা চলছে।