নাজিয়া রহমান, নিজস্ব প্রতিনিধি: সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে শিক্ষক নিয়োগের পরীক্ষা হয়েছে। এবার ফলপ্রকাশের পালা। ৩১ ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে এসএসসি-কে। ধাপে ধাপে চলছে সেই প্রক্রিয়া সম্পন্ন করার কাজ। কবে এসএসসি-র এসএলএসটি শিক্ষক নিয়োগের ফল প্রকাশিত হবে তার পূর্বাভাস দিল এসএসসি।

ব্যাপক দুর্নীতির অভিযোগে বাতিল হয়েছে ২০১৬ এসএসসি প্যানেল। প্যানেল বাতিলে চাকরিহারা প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী। স্কুলে শিক্ষক আসন পূর্ণ করতে ফের নতুন করে শিক্ষক নিয়োগের পরীক্ষা নেওয়ার নির্দেশ দেয় সুপ্রিমকোর্ট।সুপ্রিম কোর্টের নির্দেশে ৭ ও ১৪ সেপ্টেম্বর ২০২৫ এসএলএসটি পরীক্ষা নিয়েছে এসএসসি। পরীক্ষা তো হল, এবার ফলপ্রকাশের পালা। এসএসসি সূত্রের খবর, নভেম্বরের প্রথম সপ্তাহের মধ্যেই ওই পরীক্ষার ফলপ্রকাশের সম্ভাবনা রয়েছে। পরীক্ষা শেষের পর শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান, পুজোর পরে ফলপ্রকাশ করবে এসএসসি, নভেম্বর মাসে প্রকাশ করা হবে ইন্টারভিউ প্যানেল। যদিও ইতিমধ্যে নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণির মডেল উত্তরপত্র আপলোড এবং তার চ্যালেঞ্জ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। অক্টোবরের তৃতীয় সপ্তাহের মধ্যে বিশেষজ্ঞদের মতামত নিয়ে সঠিক উত্তর কোনটি, আপলোড করা হবে। সূত্রের খবর, প্রায় ৫০০র বেশি চাকরিপ্রার্থী উত্তর চ্যালেঞ্জ করেছেন ।

প্রায় নয় বছর পর রাজ্যে এসএসসি শিক্ষক নিয়োগের পরীক্ষা হয়। আর যাতে কোনও দুর্নীতির অভিযোগ না ওঠে তাই প্রশ্নপত্র ফাঁস রুখতে সতর্ক ছিল কমিশন। এবার মোবাইল, ঘড়ি ও কোনওরকম অলঙ্কার পরে পরীক্ষাকেন্দ্রে পরীক্ষার্থীদের প্রবেশ করতে দেওয়া হয়নি। পরীক্ষার্থীদের দেহ তল্লাশির পর পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হয়েছিল। রাজ্যজুড়ে মোট ৬৩৬টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হয়েছে। ২০১৬ -র তুলনায় অনেক বেশি নিরাপত্তা ও নজরদারি ছিল বলে মত পরীক্ষার্থীদের অনেকের। এবার নবম-দশম ও একাদশ-দ্বাদশ মিলিয়ে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৫,৬৫,০০০ জন। যারমধ্যে নবম-দশমের ক্ষেত্রে আবেদনকারীর সংখ্যা ছিল ৩ লক্ষ ১৯ হাজার ৯৬১ জন। পরীক্ষায় বসেছেন ২ লক্ষ ৯৩ হাজার ১৯২ জন। শতাংশের নিরিখে ৯১.৬২ শতাংশ। একাদশ-দ্বাদশ শ্রেণিতে আবেদন করেছিলেন ২লক্ষ ৪৬ হাজার ৫৪৩ জন। তার মধ্যে পরীক্ষায় বসেন ২ লক্ষ ২৯ হাজার ৪৯৭ জন। শতাংশের নিরিখে পরীক্ষায় বসেছে ৯৩%। এবার ভিন রাজ্যের পরীক্ষার্থীরাও পরীক্ষায় বসার সুযোগ পায়। নবম-দশমের ক্ষেত্রে ৩১,০০০ এর কিছু বেশি ভিন রাজ্যের বাসিন্দা। একাদশ-দ্বাদশে ভিন রাজ্যের পরীক্ষার্থীর সংখ্যা ১৪,৫১৭ জন ছিল।