জন্মদিনে মন্নতের বারান্দায় দাঁড়িয়ে অনুরাগীদের উদ্দেশে হাত নাড়ানো, শুভেচ্ছা বিনিময়— এ যেন প্রতি বছরের চেনা ছবি। কিন্তু এ বার সেই চেনা ছন্দে কিছুটা বদল। ৬১ বছরে পা দিলেন বলিউডের বাদশা শাহরুখ খান। সোমবার জন্মদিনে মুম্বইয়ের বান্দ্রায় তাঁর বাড়ি মন্নতের সামনে ভিড় জমিয়েছিলেন হাজার হাজার অনুরাগী। কিন্তু মধ্যরাতে তাঁদের সামনে দেখা দিলেন না অভিনেতা। তবে ভক্তদের নিরাশও করেননি তিনি। বরং বিশাল প্রজেক্টরের মাধ্যমে মন্নতের বাইরে তুলে ধরা হল শাহরুখের হাতে লেখা একটি বিশেষ বার্তা। সঙ্গে ছিল তাঁর আগামী ছবি ‘কিং’-এর ঝলক।

শাহরুখের জন্মদিন উপলক্ষে মন্নতের বাইরে বিশেষ আয়োজন করা হয়েছিল। বাড়ির বাইরে বিশাল পর্দায় দেখানো হয় অভিনেতার হাতে লেখা চিঠি। সেখানে তিনি লিখেছেন, ‘‘আপনাদের শুভেচ্ছা ও ভালবাসার জন্য ধন্যবাদ। আমার ভালবাসাও আপনাদের সকলের জন্য রইল।’’ শেষে অনুরাগীদের জন্য ভালবাসা এবং বড়সড় আলিঙ্গনের বার্তাও দিয়েছেন অভিনেতা। প্রিয় তারকার নিজের হাতের লেখা বার্তা দেখে উচ্ছ্বসিত হয়ে ওঠেন সেখানে উপস্থিত ভক্তেরা।
তবে শুধু জন্মদিনের শুভেচ্ছা নয়, এই আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল ‘কিং’ ছবির বিশেষ ঝলক। প্রজেক্টরে ভেসে ওঠে ছবির দু’টি সংলাপ— ‘কিং আকেলা কাফি হ্যায়’ এবং ‘ডর নহি, দেহশত হুঁ’। ফলে জন্মদিনের উদ্যাপন কার্যত পরিণত হয় শাহরুখের আগামী ছবির প্রচারেও।
সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই অ্যাকশনধর্মী ছবিটি আগামী ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা। ‘পাঠান’-এর পর ফের পরিচালকের সঙ্গে জুটি বাঁধছেন শাহরুখ। তিন বছরেরও বেশি সময় পর বড় পর্দায় ফিরছেন অভিনেতা। তাঁর শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ছিল রাজকুমার হিরানি পরিচালিত ‘ডাঙ্কি’।
‘কিং’ আরও একটি কারণে বিশেষ। এই ছবিতেই প্রথম বার মেয়ে সুহানা খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন শাহরুখ। ছবিতে রয়েছেন দীপিকা পাড়ুকোন, রানি মুখোপাধ্যায়, অভিষেক বচ্চন, অনিল কাপুর, অর্জুন রামপাল, জয়াদীপ আহলাওয়াত এবং রাঘব জুয়াল-সহ একঝাঁক তারকা।