বিশ্বজিৎ পাল, নিজস্ব সংবাদদাতা : দক্ষিণ ২৪ পরগনার ফলতায় দুর্নীতি, সরকারি ক্ষমতার অপব্যবহার এবং জমি দখলের অভিযোগ ঘিরে নতুন করে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। ফলতা থানায় দায়ের হয়েছে একটি চাঞ্চল্যকর এফআইআর। অভিযোগের তির জাহাঙ্গীর খান (Jahangir Khan) ওরফে ‘পুষ্পা’-র দিকে। মঙ্গলবার সেই এফআইআরের কপি কলকাতার সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে জমা দেওয়া হয়েছে বলে দাবি বিজেপি নেতৃত্বের।

অভিযোগকারীদের দাবি, সরকারি ক্ষমতার অপব্যবহার, আর্থিক দুর্নীতি এবং অপরাধমূলক আচরণের সঙ্গে যুক্ত ছিলেন জাহাঙ্গীর। ফলতার শ্রীরামপুর এলাকার বাসিন্দা জাহাঙ্গীরের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই এলাকায় প্রভাব খাটিয়ে জমি দখল, ভয় দেখিয়ে সম্পত্তি হাতিয়ে নেওয়া এবং সাধারণ মানুষকে আতঙ্কিত করে রাখার অভিযোগ উঠছিল বলে দাবি স্থানীয় বিজেপি নেতাদের।
মঙ্গলবার সাংবাদিক বৈঠকে এ বিষয়ে সরব হন ২০২১ সালের বিধানসভা নির্বাচনে ফলতা কেন্দ্রের বিজেপি প্রার্থী বিধান পাড়ুই (Bidhan Parui)। তাঁর অভিযোগ, “২০১৮ সাল থেকে এলাকায় মানুষকে ভয় দেখিয়ে একাধিক দুর্নীতি চালিয়েছে জাহাঙ্গীর খান। ভোটে তার ফল মানুষ বুঝিয়ে দিয়েছে। নিজের বুথেও পর্যন্ত হেরে গিয়েছে।”
বিধানের দাবি, শুধু রাজনৈতিক প্রভাব খাটানো নয়, বহু মানুষের জমি জোর করে লিখিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে জাহাঙ্গীরের বিরুদ্ধে। তাঁর কথায়, “ভয় দেখিয়ে অল্প টাকায় বহু মানুষের জমি দখল করা হয়েছে। কারও জমি জোর করে লিখিয়ে নেওয়া হয়েছে। এখন সে শত শত বিঘা জমির মালিক। সেই সমস্ত নথি আমরা তদন্তকারী সংস্থার হাতে তুলে দিয়েছি।”
এই ঘটনাকে কেন্দ্র করে ফের উঠে এসেছে তথাকথিত ‘ডায়মন্ড হারবার মডেল’-এর প্রসঙ্গও। বিজেপির অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) রাজনৈতিক প্রভাব বলয়ের মধ্যেই এই ধরনের ‘ভয়ের রাজনীতি’ চলত। বিধান পারুইয়ের দাবি, “ডায়মন্ড হারবার মডেল গণতন্ত্রের পক্ষে সবচেয়ে ভয়ঙ্কর। পুনর্নির্বাচনের ফলেই মানুষ তার যোগ্য জবাব দিয়েছে।”
যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত জাহাঙ্গীর খান বা তৃণমূল কংগ্রেসের তরফে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। পুলিশ সূত্রে খবর, ফলতা থানায় দায়ের হওয়া এফআইআরের ভিত্তিতে অভিযোগগুলি খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনীয় নথিও সংগ্রহ করা হয়েছে। তদন্তের অগ্রগতির উপর নজর রাখছে প্রশাসন।
রাজ্যে রাজনৈতিক পালাবদলের পরে একের পর এক দুর্নীতির অভিযোগ সামনে আসছে। তারই মধ্যে ফলতার এই এফআইআর ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে।