বিশ্বজিৎ নস্কর, নিজস্ব সংবাদদাতা : ভাঙড়ে ফের রাজনৈতিক উত্তেজনা, রাতের অন্ধকারে তৃণমূল কর্মীর দোকানে আগুন লাগানোর অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকায়। দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের নলমুড়ি এলাকায় এই ঘটনা ঘটে। অভিযোগ, মইবুল মোল্লা নামে এক তৃণমূল কর্মীর ইলেকট্রিক রিপিয়ারিংয়ের দোকানে গভীর রাতে আগুন লাগিয়ে দেওয়া হয়।

তৃণমূলের পক্ষ থেকে এই ঘটনার জন্য আইএসএফ কর্মীদের দায়ী করা হয়েছে। তাদের দাবি, পরিকল্পিতভাবেই এই হামলা চালানো হয়েছে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে আইএসএফ। তাদের বক্তব্য, এই ঘটনার সঙ্গে তাদের কোনও যোগ নেই এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাদের নাম জড়ানো হচ্ছে।
ঘটনার পর থেকেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় ভাঙড় থানার পুলিশ। পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে।

এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতর তীব্র হয়েছে। নির্বাচন পরবর্তী সময়ে এমন ঘটনায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে স্থানীয়দের মধ্যে। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ নজরদারি বাড়িয়েছে।