গ্রেটার নয়ডার একটি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের (PNB) শাখা থেকে প্রায় ৩৫ কোটি টাকা গায়েব হওয়ার অভিযোগ উঠেছে। গ্রাহকদের অভিযোগ, তাঁদের সেভিংস অ্যাকাউন্ট এবং ফিক্সড ডিপোজিটের (FD) টাকা উধাও হয়ে গিয়েছে। অনেকেই ব্যাঙ্কে গিয়ে দেখেন, তাঁদের অ্যাকাউন্টে কোনও টাকা নেই।

সরকারি ক্ষতিপূরণ হিসেবে যাঁরা ১ কোটি টাকা এবং ২৯ হাজার টাকা পেয়েছিলেন, তাঁদের অ্যাকাউন্ট থেকেও টাকা গায়েব হয়েছে বলে অভিযোগ। একই ধরনের অভিযোগ নিয়ে ব্যাঙ্কে যাওয়া প্রায় ১৮ জন গ্রাহক পুলিশের দ্বারস্থ হয়েছেন। সূত্রের খবর, আগে যাঁদের সেভিংস অ্যাকাউন্টে ৩ থেকে ৪ লক্ষ টাকা ছিল, তাঁদের অ্যাকাউন্টে এখন মাত্র ১৬ হাজার টাকা পড়ে রয়েছে। গ্রাহকদের অভিযোগের ভিত্তিতে বিটা-২ থানায় এফআইআর দায়ের হয়েছে। ঘটনাটি প্রকাশ্যে আসার পর নোয়ডার সেক্টর ১-এ PNB-র আঞ্চলিক দফতর থেকে ব্যাঙ্ক ম্যানেজার-সহ পাঁচ কর্মীকে সাসপেন্ড করা হয়েছে। তাঁদের জায়গায় নতুন কর্মী নিয়োগ করা হয়েছে।
ব্যাঙ্ক কর্তৃপক্ষ গ্রাহকদের আশ্বাস দিয়েছেন, বৃহস্পতিবারের মধ্যে তাঁদের অ্যাকাউন্টে টাকা ফিরিয়ে দেওয়া হবে।তবে কীভাবে টাকা গায়েব হল, তা এখনও স্পষ্ট নয়। ব্যাঙ্ক থেকে টাকা চুরি হয়েছে, কোনও ভুলের কারণে টাকা উধাও হয়েছে, নাকি ডিজিটাল পদ্ধতিতে টাকা সরানো হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এখনও পর্যন্ত এই বিষয়ে ব্যাঙ্কের তরফে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। সূত্রের খবর, ব্যাঙ্ককর্মীদের গাফিলতি এবং অনিয়মের অভিযোগের তদন্ত চলছে। দুর্নীতি দমন শাখাও এই ঘটনার তদন্ত করছে।
কীভাবে সামনে এল ঘটনা?
মঙ্গলবার আইছার গ্রামের বাসিন্দা বিনীত ভাটি নামে এক পরিবহণ ব্যবসায়ী PNB-র সেক্টর পাই-১ শাখায় যান। তাঁর ‘জয় শিব ট্রান্সপোর্ট’ নামে একটি সংস্থা রয়েছে। ওই ব্যাঙ্কে তাঁর একটি কারেন্ট অ্যাকাউন্টও রয়েছে। সূত্রের খবর, বিনীত ব্যাঙ্কের কর্মীদের কাছে মিউচুয়াল ফান্ডে টাকা বিনিয়োগ করার বিষয়ে জানতে চান। ব্যাঙ্ক ম্যানেজারের নির্দেশে তিনি একটি চেকে সই করেন এবং প্রয়োজনীয় ব্রোশিওরেও সই করেন। কিন্তু অভিযোগ, বিনিয়োগের টাকা তাঁর সেভিংস অ্যাকাউন্টে পাঠানোর পরিবর্তে অন্য একটি অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয়। ওই অ্যাকাউন্টটি বিনীত ভাটির নামে রয়েছে বলে জানানো হলেও, সেটি আসলে তাঁর অ্যাকাউন্ট নয় বলে অভিযোগ। এরপর মঙ্গলবার তিনি বিটা-২ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনার তদন্তের দাবি জানানোর পাশাপাশি নিজের ২৫ লক্ষ টাকা ফেরত দেওয়ার আবেদনও জানান তিনি।