শ্যাম বিশ্বাস, নিজস্ব সংবাদদাতা: বিতর্কিত মন্তব্যের জেরে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বিরুদ্ধে কড়া শাস্তি, গ্রেপ্তারের দাবিতে বসিরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের।সোশ্যাল মিডিয়ায় সিপিআইএম নেতা তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মন্তব্য ঘিরে বিতর্ক। বিতর্কিত মন্তব্যের জেরে এবার আইনি পদক্ষেপ ও কড়া শাস্তি-গ্রেপ্তারের দাবি তুলে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বিরুদ্ধে বসিরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করল বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের বসিরহাট নগর শাখার কর্মীরা।

অভিযোগপত্রে উল্লেখ, গত ৮ অক্টোবর ২০২৬, সোশ্যাল মিডিয়ায় হিন্দু সম্প্রদায়কে উদ্দেশ্য করে আপত্তিকর শব্দ ব্যবহার করেছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তাঁর সেই মন্তব্যে ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগার পাশাপাশি সামাজিক শান্তি ও সম্প্রীতি বিঘ্নিত হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন অভিযোগকারীরা। এই ঘটনায় বসিরহাট থানায় বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানিয়ে, প্রশাসনের কাছে বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে কড়া শাস্তি এবং গ্রেফতারের আবেদন জানিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ এর বজরং দল।
পোস্ট-বিতর্ককে কেন্দ্র করে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যকে মঙ্গলবার গড়ফা থানায় হাজির হওয়ার জন্য নোটিস পাঠিয়েছিল পুলিশ। তবে নির্ধারিত দিনে থানায় হাজির হননি তিনি। অভিযোগ, তাঁর বাড়িতে হামলার ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন বিকাশরঞ্জন। সেখানে হামলাকারীদের ‘হিন্দুত্ববাদী’ ও ‘গুন্ডা’ বলে উল্লেখ করেন তিনি। তাঁর এই মন্তব্য ঘিরেই রাজনৈতিক মহলে বিতর্ক শুরু হয়। বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এরপর বিভিন্ন থানায় অভিযোগ জমা পড়ে। সেই অভিযোগের ভিত্তিতে দুটি থানা থেকে তাঁকে নোটিস পাঠানো হয় বলে জানা গিয়েছে। তারই মধ্যে গড়ফা থানার পুলিশের নোটিস ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে।