শ্যাম বিশ্বাস, নিজস্ব সংবাদদাতা : হিঙ্গলগঞ্জ বিধানসভা এলাকায় রাজনৈতিক উত্তেজনা আরও বাড়ল বিজেপি প্রার্থী রেখা পাত্রের থানায় যাওয়াকে কেন্দ্র করে। এলাকার সাধারণ মানুষ ও বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ তুলে পুনরায় হাসনাবাদ থানায় অভিযোগ জানাতে হাজির হন তিনি। অভিযোগের সূত্রপাত কয়েকদিন আগের একটি ঘটনাকে ঘিরে। হিঙ্গলগঞ্জের হাসনাবাদ থানার বালিয়াডাঙ্গা এলাকায় সুব্রত মন্ডল নামে এক স্থানীয় বাসিন্দাকে মারধরের অভিযোগ ওঠে তৃণমূল প্রার্থী আনন্দ সরকারের অনুগামীদের বিরুদ্ধে। জানা যায়, ওই এলাকায় দলীয় প্রচারে গিয়েছিলেন আনন্দ সরকার। সেই সময় তার সমর্থকরা সুব্রত মন্ডলকে তৃণমূলের পক্ষে ভোট দেওয়ার জন্য চাপ সৃষ্টি করে বলে অভিযোগ।

সুব্রত মন্ডল সেই সময় এলাকার বেহাল রাস্তার অবস্থা নিয়ে প্রতিবাদ জানালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, এরপরই তাকে বেধড়ক মারধর করা হয়। ঘটনায় আহত সুব্রত মন্ডল হাসনাবাদ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তবে অভিযোগ, এতদিন পেরিয়ে গেলেও পুলিশ কোনও দৃশ্যমান ব্যবস্থা গ্রহণ করেনি। এছাড়াও বিজেপির অভিযোগ, ওই এলাকায় তাদের কর্মীদের দলীয় প্রচার চালাতে বাধা দেওয়া হচ্ছে। বিজেপি কর্মীদের উপর হামলার ঘটনাও ঘটেছে বলে দাবি করা হয়েছে। এই দুই অভিযোগকে সামনে রেখেই হাসনাবাদ থানায় যান বিজেপি প্রার্থী রেখা পাত্র।
থানায় গিয়ে তিনি জানতে চান, সুব্রত মন্ডলের উপর হামলাকারীদের বিরুদ্ধে এখনও পর্যন্ত কেন কোনও আইনি পদক্ষেপ নেওয়া হয়নি। পাশাপাশি বিজেপি কর্মীদের উপর হামলার ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। গোটা ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে উঠেছে এলাকায়, আর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।