
অসুস্থ অভিনেতা মিঠুন চক্রবর্তীকে দেখতে শুক্রবার সকালে বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হাসপাতাল সূত্রে খবর, সেখানে মিঠুনের একটি ছোট অস্ত্রোপচার হয়েছে। আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। সব ঠিক থাকলে দু’-এক দিনের মধ্যেই তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে।
শুক্রবার সকালে চিনার পার্কের বাড়ি থেকে বেরিয়ে সরাসরি দক্ষিণ কলকাতার ওই হাসপাতালে পৌঁছন মুখ্যমন্ত্রী। সঙ্গে ছিলেন যাদবপুরের বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়-সহ অন্যরা। মিঠুনের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন শুভেন্দু। তাঁর শারীরিক অবস্থার খোঁজ নেন। পরে চিকিৎসকদের সঙ্গেও কথা বলে অভিনেতার চিকিৎসা সংক্রান্ত বিষয়ে খোঁজখবর নেন মুখ্যমন্ত্রী।
হাসপাতাল থেকে বেরিয়ে শুভেন্দু বলেন, ‘‘উনি বাংলার সম্পদ। তার সঙ্গে রাজনৈতিক পরিচয়ের কোনও সম্পর্ক নেই। তবে বাংলায় রাষ্ট্রবাদী সরকার আসার নেপথ্যে মহাগুরুর অবদান অনেক। ছোট্ট একটা অপারেশন হয়েছে। ভাল আছেন।’’
মিঠুনের সঙ্গে সাক্ষাতের ছবিও সমাজমাধ্যমে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী। সেখানে বর্ষীয়ান অভিনেতার দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি।
রাজনৈতিক জীবনে মিঠুনের সঙ্গে বিজেপির ঘনিষ্ঠতার ইতিহাস দীর্ঘ। কয়েক বছর আগে তৃণমূলের সঙ্গে দূরত্ব তৈরি হওয়ার পর বিজেপিতে যোগ দেন অভিনেতা। তার পর থেকেই দলের হয়ে একাধিক নির্বাচনী প্রচারে তাঁকে সক্রিয় ভাবে দেখা গিয়েছে। ২০২৬-এর বিধানসভা নির্বাচনেও বয়সকে উপেক্ষা করে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিজেপির হয়ে প্রচার করেছেন মিঠুন। একাধিক রোড শো-তেও অংশ নেন তিনি। প্রচারের সময় শারীরিক অসুস্থতার কারণে সাময়িক ভাবে থামতে হলেও ফের প্রচারে ফিরেছিলেন ‘মহাগুরু’।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পর নিউ টাউনে মিঠুনের বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেছিলেন শুভেন্দু। এ বার অভিনেতা হাসপাতালে ভর্তি হওয়ার খবর পেয়ে নিজেই সেখানে ছুটে গেলেন মুখ্যমন্ত্রী।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মিঠুনের হাতে অস্ত্রোপচার হয়েছে। আপাতত তাঁর অবস্থা নিয়ে উদ্বেগের কোনও কারণ নেই। চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। আগামী দু’-এক দিনের মধ্যে ছুটি পাওয়ার সম্ভাবনা রয়েছে।