মাম্পি রায়, সাংবাদিক : মহাকুম্ভ থেকে ভাইরাল হওয়া ‘আইআইটি বাবা’ অভয় সিংহ অবশেষে সংসার জীবনে পা রাখলেন। আধ্যাত্মিকতার পথ ছেড়ে এবার তিনি গাঁটছড়া বাঁধলেন এক ইঞ্জিনিয়ার তরুণীর সঙ্গে। মহাশিবরাত্রির পুণ্য তিথিতে হিমাচল প্রদেশে প্রতীকা নামের ওই তরুণীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। পরে ১৯ ফেব্রুয়ারি আইনি মতে কোর্ট ম্যারেজও সম্পন্ন হয়। যদিও এতদিন এই বিয়ের খবর প্রকাশ্যে আসেনি।

সম্প্রতি হরিয়ানার ঝাজ্জরে নিজের বাড়িতে স্ত্রীকে নিয়ে পৌঁছতেই নতুন করে চর্চার কেন্দ্রে উঠে আসেন অভয়। পরিবারের পক্ষ থেকে নবদম্পতিকে ঐতিহ্য মেনে ঘরে তোলা হয়। আরতি, মিষ্টিমুখ—সব রীতি মেনেই বরণ করা হয় নতুন বউকে। আত্মীয়স্বজন ও প্রতিবেশীরাও ভিড় জমিয়ে নবদম্পতিকে শুভেচ্ছা জানান। হাসিমুখে সকলের সঙ্গে ছবি তুলতেও দেখা যায় অভয় ও প্রতীকাকে।
জানা গিয়েছে, প্রায় এক বছর আগে আলাপ হয় অভয় ও প্রতীকার। প্রথমে বন্ধুত্ব, পরে সেই সম্পর্ক গড়ায় প্রেমে। প্রতীকার কথায়, অভয়ের সরল জীবনযাপন এবং সত্যের পথে চলার অঙ্গীকার তাঁকে গভীরভাবে আকৃষ্ট করে। অভয়কেও জীবনসঙ্গী হিসেবে পেয়ে খুশি তিনি। ভবিষ্যতে সনাতন ভাবধারার উপর ভিত্তি করে একটি বিশ্ববিদ্যালয় গড়ার স্বপ্ন দেখছেন এই দম্পতি—যেখানে আধুনিক শিক্ষার সঙ্গে আধ্যাত্মিকতার সমন্বয় ঘটবে।
অভয় সিংহের জীবনযাত্রা বরাবরই চর্চার কেন্দ্রবিন্দুতে। হরিয়ানার বাসিন্দা অভয় আইআইটি বম্বে থেকে অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক। পরে ডিজাইন নিয়ে স্নাতকোত্তর ডিগ্রিও অর্জন করেন। কর্মসূত্রে কানাডায় তিন বছর উচ্চ বেতনের চাকরিও করেছেন তিনি। কিন্তু সেই জীবনে মানসিক অশান্তি গ্রাস করে তাঁকে। জীবনের অর্থ খুঁজতে আধ্যাত্মিকতার পথে পা বাড়ান এবং শেষ পর্যন্ত মহাকুম্ভে গিয়ে ‘আইআইটি বাবা’ নামে পরিচিতি পান।
তবে বিতর্কও তাঁর পিছু ছাড়েনি। একাধিকবার নানা অভিযোগে জড়িয়েছেন অভয়। জুনা আখড়া থেকে বহিষ্কৃত হন তিনি। এমনকি মাদক সেবনের অভিযোগে গ্রেফতারও হতে হয়েছিল তাঁকে। জয়পুর পুলিশের হাতে ধরা পড়ার সময় তাঁর কাছ থেকে গাঁজা উদ্ধারের কথাও জানা যায়।
সব মিলিয়ে বিতর্ক, আধ্যাত্মিকতা আর ব্যক্তিগত জীবনের নানা মোড় পেরিয়ে এবার নতুন অধ্যায়ে পা রাখলেন অভয় সিংহ। তাঁর এই ‘সন্ন্যাস থেকে সংসার’-এর যাত্রা এখন সোশ্যাল মিডিয়ায় চর্চার অন্যতম বিষয়।