বিশ্বজিৎ নস্কর, নিজস্ব সংবাদদাতা: একাধিক দাবি-দাওয়া নিয়ে ডেপুটেশন ঘিরে ধুন্ধুমার! পাথরপ্রতিমায় পুলিশের সঙ্গে বচসায় সিপিএম কর্মী-সমর্থকরা। বিডিও অফিসে ডেপুটেশন জমা দিতে এসে পুলিশের সঙ্গে বচসায় জড়ালেন সিপিএম কর্মী-সমর্থকরা। দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমার বিধানসভা এলাকার শতাধিক সিপিএম কর্মী-সমর্থক প্রথমে মিছিল করে বিডিও অফিসের সামনে জমায়েত হন। এরপর ডেপুটেশন জমা দিতে গেলে অফিসের গেটের সামনে পুলিশ তাঁদের বাধা দেয় বলে অভিযোগ। এ নিয়ে দু’পক্ষের মধ্যে বেশ কিছুক্ষণ কথা কাটাকাটি হয় এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

পরে পুলিশের সঙ্গে আলোচনার পর শর্তসাপেক্ষে কয়েকজন সিপিএম প্রতিনিধি বিডিওর সঙ্গে দেখা করতে যান। তবে সেই সময় বিডিও অফিসে উপস্থিত না থাকায় শেষপর্যন্ত ডেপুটেশন জমা দেওয়া সম্ভব হয়নি বলে দাবি সিপিএমের। এরপর বিডিও অফিসের সামনেই সভা করেন বিক্ষোভকারীরা।
সভায় উপস্থিত ছিলেন সিপিএমের রাজ্য সম্পাদিকা তথা মহিলা সমিতির নেত্রী মোনালিসা। সভা থেকে রাজ্য সরকার ও প্রশাসনের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে সরব হন সিপিএম নেতৃত্ব। পাশাপাশি, ফের ডেপুটেশন জমা দিতে আসার কথা জানানো হয়। সেদিনও যদি বিডিও উপস্থিত না থাকেন এবং ডেপুটেশন গ্রহণ না করা হয়, তাহলে আরও বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন সিপিএম নেতৃত্ব।