প্রশান্ত মাল, নিজস্ব সংবাদদাতা: রবিবার ভোরে পানাগড় বাইপাসে ভয়াবহ দুর্ঘটনা, কয়লাবোঝাই গাড়ির পিছনে টুরিস্ট বাসের ধাক্কা, মৃত ১, আহত বহু। রবিবার ভোরে ১৯ নম্বর জাতীয় সড়কের পানাগড় বাইপাসে ভয়াবহ পথ দুর্ঘটনা। কয়লাবোঝাই গাড়ির পিছনে সজোরে ধাক্কা মারল বিহারের জামুই থেকে কলকাতা গামী একটি টুরিস্ট বাস। দুর্ঘটনায় এক যাত্রীর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। গুরুতর জখম হয়েছেন বেশ কয়েকজন। আহতের সংখ্যা প্রায় ১০, দুর্গাপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিহারের জামুই থেকে যাত্রী নিয়ে কলকাতার দিকে যাচ্ছিল বাসটি। রবিবার ভোরে পানাগড় বাইপাসের উপর দিয়ে যাওয়ার সময় সামনে থাকা একটি কয়লাবোঝাই গাড়ির পিছনে সজোরে ধাক্কা মারে বাসটি। সংঘর্ষের তীব্রতায় বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনার পরেই বাসের ভিতরে যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। মুহূর্তের মধ্যে এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক।

দুর্ঘটনার পর আহতদের উদ্ধারে এগিয়ে আসেন সহযাত্রী ও স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কাঁকসা থানার পুলিশ। আহত যাত্রীদের উদ্ধার করে দ্রুত দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।