সপ্তাহান্তে কলকাতা মেট্রোর যাত্রীদের জন্য দুঃসংবাদ। ট্র্যাক ও বিদ্যুৎ ব্যবস্থার জরুরি রক্ষণাবেক্ষণের কাজের জন্য আগামী ১ নভেম্বর, রবিবার নীল লাইনে দীর্ঘ ন’ঘণ্টার ট্রাফিক ও পাওয়ার ব্লক নিতে চলেছে মেট্রো কর্তৃপক্ষ। এর জেরে দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ অংশে বন্ধ থাকবে মেট্রো পরিষেবা। রবিবার যাঁরা মেট্রোয় যাতায়াতের পরিকল্পনা করছেন, তাঁদের আগেভাগেই বিকল্প ব্যবস্থা করে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

মেট্রো কর্তৃপক্ষের বিজ্ঞপ্তি অনুযায়ী, নোতাজী ও মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) স্টেশনের মধ্যবর্তী অংশে জরুরি কাজ চলবে। সেই কারণে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ময়দান থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত কোনও মেট্রো চলবে না। তবে উত্তর কলকাতার যাত্রীদের জন্য কিছুটা স্বস্তির খবর রয়েছে। ওই সময় দক্ষিণেশ্বর থেকে ময়দান পর্যন্ত সীমিত পরিষেবা চালু থাকবে।
সূচি অনুযায়ী, রবিবার সকাল ৯টায় দক্ষিণেশ্বর থেকে ময়দানের উদ্দেশে প্রথম মেট্রো ছাড়বে। অন্য দিকে, ময়দান থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম ট্রেন ছাড়বে সকাল ৯টা ১৫ মিনিটে। দক্ষিণেশ্বর এবং শহিদ ক্ষুদিরাম থেকে দিনের শেষ মেট্রো অবশ্য নির্ধারিত সময়সূচি মেনেই চলবে।
মেট্রো সূত্রে খবর, আবহাওয়া অনুকূল থাকলে এবং রক্ষণাবেক্ষণের কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ হলে সন্ধ্যা ৬টার পর দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত গোটা নীল লাইনে পরিষেবা স্বাভাবিক হয়ে যাবে।
অন্য লাইনের পরিষেবায় অবশ্য বিশেষ কোনও পরিবর্তন নেই। গ্রিন ও ইয়েলো লাইনে রবিবারের স্বাভাবিক সময়সূচি মেনেই ট্রেন চলবে। তবে জয় হিন্দ বিমানবন্দর থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত সরাসরি মেট্রো পরিষেবা পাওয়া যাবে না। রবিবারের নিয়ম অনুযায়ী পার্পল ও অরেঞ্জ লাইনে মেট্রো চলাচল বন্ধই থাকবে।
সাময়িক এই পরিষেবা-বিঘ্নের জন্য যাত্রীদের কাছে দুঃখপ্রকাশ করেছে মেট্রো কর্তৃপক্ষ। রবিবার যাত্রা শুরুর আগে সময়সূচি দেখে নেওয়ার পরামর্শও দেওয়া হয়েছে।