রণজিত রায়, নিজস্ব সংবাদদাতা: হাওড়া সদর কংগ্রেসের ডাকা মঙ্গলবারের সাংবাদিক বৈঠকে পুলিশের এনকাউন্টার থেকে শুরু করে বিজেপি-আরএসএসকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন কংগ্রেস নেতৃত্ব। কংগ্রেস নেতৃত্বের দাবি, “যদি অভিযুক্ত পুলিশের হাতিয়ার নিয়ে পালায়, তাহলে সেটা পুলিশেরই ব্যর্থতা। পুলিশ কিছু ধামাচাপা দিতে চাইছে। ওই ধর্ষণের ঘটনায় আরও লোক জড়িত ছিল, যাদের নাম পুলিশ চাপা দিতে চায়, তাই তার হত্যা করে দেওয়া হয়েছে।”

তাঁদের দাবি, “পুরো ঘটনার তদন্ত হওয়া উচিত। ধর্ষণে কারা কারা জড়িত, আদালত তাকে সাজা দিত। কিন্তু তাকে মেরে ফেলা হচ্ছে কাউকে বাঁচানোর জন্য। কোনও বড় মাথা, প্রভাবশালী ব্যক্তি এই ধর্ষণে জড়িত আছে বলেই তাকে এনকাউন্টারে মারা হচ্ছে। কোর্টে যাওয়ার আগেই মেরে দেওয়া হচ্ছে যাতে আসল সত্য সামনে না আসে।” এর পাশাপাশি বিজেপিকে তীব্র আক্রমণ করে কংগ্রেস নেতৃত্বের দাবি, “এই দেশে নির্বাচন না হোক, সেটাই বিজেপি চায়। বিজেপি চায় বিরোধীরা ভোট বয়কট করুক, আর ওরা এমন নিয়ম আনুক যাতে দেশে আর কখনও নির্বাচন না হয়। ওরা চায় পুরো সিস্টেম একজনের হাতে থাকুক।”
কংগ্রেস নেতৃত্বের দাবি, “আমরা নির্বাচন লড়ব। সৎ মানুষের নেতৃত্বে হোক বা চোরের নেতৃত্বে, নির্বাচন আমরা লড়বই। বিজেপিকে আমরা কোনও সুযোগ দেব না যাতে ওরা গণতন্ত্রকে শেষ করে দেয়। বিজেপি চায় গণতন্ত্র শেষ হয়ে যাক, আর ওরা নিজেরাই সরকার বানিয়ে নেবে। বিজেপি এই দেশের জন্য ক্যান্সার। আরএসএস এবং বিজেপি দেশের জন্য ক্যান্সার। আমরা বিজেপির কোনও উদ্দেশ্যই সফল হতে দেব না।”