নাজিয়া রহমান, নিজস্ব প্রতিনিধি: অবশেষে প্রকাশিত হল ২০২৩ এর প্রাথমিকের শিক্ষক নিয়োগের পরীক্ষা টেটে-র ফল।পরীক্ষা দিয়েছেন ২ লক্ষ ৭৩ হাজার ১৪৭ জন। যার মধ্যে উত্তীর্ণ হলেন ৬৭৫৪ জন। পাশের হার প্রায় ৩ শতাংশ।প্রতিক্ষার অবসান। অবশেষে প্রকাশিত হল প্রাথমিকের শিক্ষক নিয়োগের পরীক্ষা টেটে-র ফল। প্রায় ১ বছর ৯মাস পর ফল প্রকাশিত হল।
২০২৩ এর ২৪ ডিসেম্বর প্রাথমিকের টেট নিয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। ২০২২ সালের পর ২০২৩ সালেও প্রাথমিকের শিক্ষক নিয়োগের পরীক্ষা টেট নেওয়া হয়। সেই পরীক্ষার ফল প্রকাশ হল দুর্গাপুজোর মুখে৷ ফলপ্রকাশের আগে ২০২৩ সালের টেটের “আনসার কি” প্রকাশ করে প্রাথমিক শিক্ষা পর্ষদ। তারপর ২৪ সেপ্টেম্বর বুধবার সন্ধ্যা ৬ টায় ওয়েবসাইটে ফলপ্রকাশ করে প্রাথমিক শিক্ষা পর্ষদ।

ওয়েবসাইটে ফলপ্রকাশের পর সন্ধ্যা ৬টা থেকেই পরীক্ষার্থীরা ফল জানতে পারেন। wbbpe.gov.in এই ওয়েবসাইট মারফত ফলাফল জানতে পারেন পরীক্ষার্থীরা। ২০২৩ এর প্রাথমিকের টেটে বসার জন্য আবেদন করেছিলেন ৩০৯০৫৪ জন পরীক্ষার্থী । এর মধ্যে পরীক্ষা দিয়েছেন ২ লক্ষ ৭৩ হাজার ১৪৭ জন। যার মধ্যে উত্তীর্ণ হলেন ৬৭৫৪ জন। পাশের হার প্রায় ৩ শতাংশ। এক থেকে ১০-র মধ্যে ৬৪ জন পরীক্ষার্থী স্থান পেয়েছেন। এত পরে ফলপ্রকাশ হওয়ার কারণ হিসেবে পর্ষদের বক্তব্য,ওবিসি জটিলতার
কারণেই টেটের ফল প্রকাশ করতে পারছিল না প্রাথমিক শিক্ষা পর্ষদ।সেই জট কাটতেই ফলপ্রকাশ করা হল। ফলাফল প্রকাশ করে জানালো প্রাথমিক শিক্ষা পর্ষদ। ফলপ্রকাশ হলেও নিয়োগ কবে হবে? এনিয়ে পর্ষদের বক্তব্য, দ্রুতই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। সূত্রের খবর, টেটের ফলপ্রকাশের পর পরই রাজ্য জুড়ে প্রাথমিক স্কুলগুলিতে প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু করা হবে। ইতিমধ্যেই শূন্য পদের জন্য রাজ্যের অর্থ দফতরের কাছে ফাইল পাঠানো হয়েছে চূড়ান্ত অনুমোদন চেয়ে।
২০২২ এর প্রাথমিকের ফলপ্রকাশ হলেও এখনও নিয়োগপ্রক্রিয়া শুরু হয়নি। নিয়োগের দাবিতে আন্দোলনে নেমেছেন টেট পাশ পরীক্ষার্থীরা। ২০২৩ এর ফলপ্রকাশে দেরি হওয়ার বেশ কিছুদিন ধরেই ক্ষোভ বাড়ছে পরীক্ষার্থীদের মধ্যে। অবশেষে প্রকাশিত হল ফল। এবার নিয়োগের পালা। পর্ষদ সূত্রে খবর, পুজো মেটলেই প্রাথমিকের শিক্ষক নিয়োগের তোড়জোড় শুরু হবে।