ঋক পুরকায়স্থ, সংবাদদাতা: থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের রাস্তায় হঠাৎ ভূমিধস। শহরের প্রাণকেন্দ্রের একটি রাস্তায় হঠাৎ একটু বড় গর্ত তৈরি হয়। এই সিল্কহোল তৈরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা শহরজুড়ে। তবে হতাহতের কোনও খবর এখনো পর্যন্ত পাওয়া যায়নি।

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের ভাজিরা হাসপাতালের সামনের রাস্তাটি অত্যন্ত ব্যস্ততম সড়ক। হঠাৎই ওই রাস্তার ৯০০ বর্গমিটারের একটি অংশ ভেঙে পড়ে। যে গর্ত তৈরি হয় তার গভীরতা প্রায় ৫০ মিটার বা ১৬৪ ফুট। তার জেরে গোটা শহরজুড়ে চাঞ্চল্য ছড়ায়। ঘটনার ফলে বিদ্যুৎ, পানীয় জল সহ বিভিন্ন পরিষেবা বিঘ্নিত হয়েছে।

স্থানীয় প্রশাসন সূত্রে খবর, যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হচ্ছে। ব্যস্ততম সড়কের ধস নামাযর ফলে যান চলাচল ধীরগতিতে হচ্ছে। অন্য রাস্তা দিয়েও যান চলাচল করানো হচ্ছে। হাসপাতালের সামনে এই ধস নামায় আউটডোর পরিষেবা আপাতত বন্ধ রাখা হয়েছে। ৩ হাজার ৫০০ রোগীকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল জানিয়েছেন, তিনি নিজে ঘটনাস্থলে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এই রাস্তা ঠিক করতে কমপক্ষে এক বছরের বেশি সময় লাগতে পারে বলে জানিয়েছেন তিনি। তবে যত দ্রুত সম্ভব প্রশাসন এই কাজ সম্পন্ন করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।

ব্যাংককের গভর্নর জানিয়েছেন, হাসপাতালে আপাতত কোন সমস্যা হয়নি। তবে পাশে একটি পুলিশ স্টেশন রয়েছে। সেটি নিয়ে সরকার চিন্তিত। আশেপাশের বহু কাঠামো ভেঙে পড়েছে এবং পানীয় জলের পাইপলাইন ফেটে গিয়েছে। এর ফলে বহু জায়গায় পানীয় জল সরবরাহ হচ্ছে না। পানীয় জলের এই সংকট যত দ্রুত সম্ভব মেটানো হবে। ঘটনাস্থলে আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর নেই। তবে যে ক্ষতি হয়েছে তা যত দ্রুত সম্ভব পূরণ করতে হবে বলে জানিয়েছেন ব্যাংকক প্রশাসন।